রাজধানীর শাজাহানপুরে নলকূপের পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি পুনঃতদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মামলার বাদী শিশু জিহাদের বাবা নাসির উদ্দিন তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে পুনঃতদন্তের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে পুলিশকে এ নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বাদীর ছেলে জিহাদ কূপের পাশে খেলা করার সময় পরিত্যক্ত পাইপের ভেতর পড়ে মারা যায়।
এ ঘটনায় ২৮ ডিসেম্বর জিহাদের বাবা নাসির ফকির ‘দায়িত্বে অবহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগ এনে রাজধানীর শাজাহানপুর থানায় মামলা করেন।
মামলার দুই আসামি হলেন, শাজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআরের মালিক আব্দুস সালাম ও রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
তাদের মধ্যে ঠিকাদার সালাম ২০১৫ সালের ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। এ ছাড়া অপর আসামি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।
২০১৫ সালের ৭ এপ্রিল মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক আবু জাফর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৫ সালের ২১ মে আসামি প্রকৌশলী জাহাঙ্গীর আলম ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তার জামিন মঞ্জুর করেন আদালত।
এমকে





