জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে ৩ স্তর বিশিষ্ট কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এ ছাড়া সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার সংলগ্ন গেট ও বাংলাদেশ বার কাউন্সিল ভবন সংশ্লিষ্ট দক্ষিণ গেটটিতেও মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ। তবে সুপ্রিম কোর্টের মাজার সংলগ্ন গেটে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হওয়ার কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশি তৎপর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা করবেন।
বুধবার রায় ঘোষণাকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যা থেকেই ট্রাইব্যুনাল এলাকায় জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে তৎপর রয়েছে পুলিশ। ট্রাইব্যুনাল এলাকায় বেশ কিছু চেকপোস্ট বসানো হয়েছে।
এ ছাড়া রয়েছে অতিরিক্ত টহল পুলিশ। সোয়াত বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা মাঠে রয়েছেন।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোর থেকে ট্রাইব্যুনালের সবগুলো প্রবেশপথ, আশপাশের সব সড়ক ও পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রাত থেকে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
২০১৩ সালের নভেম্বরে মতিউর রহমান নিজামীর মামলার কার্যক্রম শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এরপর তিনবার এ রায় ঘোষণা করার তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়। চতুর্থবারের মতো আজ বুধবার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে।
জেএ





