সরকারী চাকরিতে অবসরের বয়সসীমা ২ বছর বাড়ানোর প্রেক্ষিতে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারিদেরকে সকল সুযোগ সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এ রায় দেন।
একইসঙ্গে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারিদের কেন পুন:যোগদানের সুযোগ প্রদানের নির্দেশ দেয়া হবে না তার কারণও জানতে চান আদালত।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আব্দুর রব চৌধুরী, ব্যারিস্টার তানজিব উল আলম, অ্যাডভোকেট ওসমান গণি ভূঁইয়া ও অ্যাডভোকেট চৌধুরী নাসিমা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০১১ সালের ২৬ ডিসেম্বর সরকারে নির্দেশে সরকারি কর্মচারিদের অবসরের বয়সসীমা ২ বছর বৃদ্ধি করে গেজেট প্রকাশ করে। এ গেজেট প্রকাশের সময় যে সব কর্মচারিরা অসরোত্তর ছুটিতে (পিআরএল) ছিলেন তারা এই সুবিধা পাওয়ার জন্য হাইকোর্টে পৃথক চারটি রিট আবেদন করেন। ওই রিটের পেক্ষিতে ২০১১ সালের ১৮ মার্চ অবসরোত্তরর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারিদের পুনঃযোগদানের সুযোগ না দেয়া কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না জানতে চেয়ে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেছিলেন।
আইনজীবী চৌধুরী নাসিমা জানান, গত ২৬ ডিসেম্বর এক গেজেট জারির মাধ্যমে সরকারি কর্মচারিদের চাকরি থেকে অবসর নেয়ার বয়সসীমা ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়। গত ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারিদের অবসরের বয়স বৃদ্ধির সিদ্ধান্ত ওই গেজেট জারির মাধ্যমে কার্যকর করা হয়। এ অধ্যাদেশ পাবলিক সার্ভেন্ট (রিটায়ারমেন্ট) (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স বলে গেজেটে উল্লেখ করা হয়। এই গেজেট অনুযায়ী চাকরীতে ৫৭ বছর পূর্ণ হওয়ায় অবসরোত্তর ছুটিতে থাকা বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. নুরুল আমিন গত ২ ফেব্রুয়ারি চাকরিতে পুন:যোগদানের আবেদন করেন।
তার আবেদনের জবাবে গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মিল্টন বিশ্বাস জানান, তাকে এই সুযোগ দেয়া যাচ্ছে না। অথচ একই সময়ে অবসরে যাওয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের কর্মকর্তা সত্যরঞ্জন সরকারকে পিআরএল বাতিল করে পুনরায় চাকরিতে যোগদানের নির্দেশ দেয়া হয়।
এর প্রেক্ষিতে চাকরির বয়স দু'বছর বাড়ানোর গেজেটের আলোকে পিআরএলে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব শামসুদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. নুরুল আমিনসহ ৩৮৯ জন সরকারী কর্মকর্তা চাকরিতে পুনঃযোগদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনের রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেন।
[b]ঢাকা, কেএ, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
৩৮৯ কর্মচারিকে সকল সুবিধা দিতে হাইকোর্টের নির্দেশ
সরকারী চাকরিতে অবসরের বয়সসীমা ২ বছর বাড়ানোর প্রেক্ষিতে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারিদেরকে সকল সুযোগ সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট





