নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিক নিহতের ঘটনায় গ্রেফতার সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১০ জুলাই) বিকেলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ফাহমিদা খানমের আদালত এই আদেশ দেন। এর আগে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হাসেম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশাহ আজাদ, আবুল হাসেমের ৪ ছেলে (গ্রুপের ডিএমডি) হাসিব বিন হাসেম ওরফে সজীব, (পরিচালক) তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম; হাসেম ফুডসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশিদ এবং সিভিল ইঞ্জনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা মো: আলাউদ্দিন।

এর আগে রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর নাজিম উদ্দিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে।

এরআগে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ১৯। মামলায় এই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এমবি