আপিল বিভাগের এক জ্যেষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানি হচ্ছে না মঙ্গলবার (০৩ নভেম্বর)।

গতকাল সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, নিজামীর মামলাটি আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় রয়েছে। এর আগে ৯ সেপ্টেম্বর প্রথম দিনের আপিল শুনানি শেষে ৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছিলেন সুপ্রিম কোর্ট।

প্রথম দিন রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করে শোনান এ্যাট‌র্নি জেনারেল মাহবুবে আলম। পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের ৩ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান এ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।

প্রসঙ্গত, মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা একাত্তরে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ৪টি অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে ২৩ নভেম্বর মাওলানা মতিউর রহমান নিজামী আপিল করেন।

এমএইচ