শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে শাহাদাতকে হাজির করা হয়। ঢাকা মহানগর হাকিম মো. ইউসুফ হোসেনের আদালতে বেলা সাড়ে ১১টায় এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ঢাকা মহানগর হাকিম মো. নুরু মিয়ার আদালতে শাহাদাতের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

গত সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। সকাল সাড়ে ১১টার পর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। আদালতে শাহাদাতের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু।

গত শনিবার রাত সাড়ে ৩টায় শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে মালীবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে গ্রেফতার করেন পুলিশ।

রোববার দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক শফিকুর রহমান। বিকাল ৩টার পর শুনানি শেষে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম ইউনুস খান জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর হাতে নির্যাতিত শিশু গৃহকর্মী হ্যাপি আদালতে ২২ ধারায় জবানবন্দী দেয়। হ্যাপি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এমকে