গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বিদেশিদের মতো করে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার বিকাল সোয়া ৫টার দিকে জিডি করেন ইমরান এইচ সরকার। শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার দুপুরে ইমরান এইচ সরকার তার ফেসুবকের ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়ে হত্যার হুমকির বিষয়টি নিশ্চিত করেন।

ইমরান এইচ সরকারের দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘বিদেশীদের মতো করে হত্যা? Araf Al Islam Isb (Islamic State Bangladesh?) নামে এক উগ্র ধর্মান্ধ সন্ত্রাসী আজ সকাল ১০টা ১৯ মিনিটে আমাকে হত্যার হুমকী দিয়েছে। সে লিখেছে আমার মৃত্যু খুব নিকটে, বিদেশীদের মতো করে আমাকে হত্যা করা হবে।

পর্যালোচনা করে দেখা যায়, সে তার ব্যাক্তিগত মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে। আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে।

আমি এই উগ্র সন্ত্রাসীর কাপুরুষোচিত হুমকিতে মোটেই ভীত নই। তবে সকলের অবগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর জ্ঞাতার্থে বিষয়টি জানিয়ে রাখলাম।

এই স্ট্যাটাসের দুই ঘণ্টা পর ইমরান এইচ সরকার আরেকটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- 'বিদেশীদের মতো করে হত্যা করা হবে' - উগ্র ধর্মান্ধের হত্যার হুমকির বিষয়টি আপনারা ইতোমধ্যে জেনেছেন। এই কাপুরুষদের এ ধরনের হুমকিকে হয়তো এতো গুরুত্ব দেয়ার কিছু নেই। তবে এদেরকে আইনের আওতায় আনাটা আমি এই মুহুর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেননা এই সন্ত্রাসীরা এখন শুধু হুমকিই দিচ্ছে না, কাপুরুষোচিত হামলা করে একেরপর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়েই যাচ্ছে।

আমি ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি অবগত করেছি। তারা একটি সাধারণ ডায়রির পরামর্শ দিয়েছেন এবং হুমকিদাতাকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে আমি শনিবার বিকালে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করার স্বীদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষকেও এই দেশবিরোধী উগ্র সন্ত্রাসীদের মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সকল বিভেদ ভুলে আমাদের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মুক্তিযুদ্ধকালীন সংঘঠিত মানবতাবিরোধী অপরাধীদের শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূত অংশগ্রহণে গড়ে ওঠা আন্দোলন থেকে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়। এ সংগঠনটি মানবতাবিরোধী অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার রয়েছে।

কেএইচ