বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিজভীর করা এক রিট আবেদনের প্রেক্ষিকে আজ (মঙ্গলবার) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম সুমন। আইনজীবী জহিরুল ইসলাম সুমন জানান, রিজভীর পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালের ১০ ডিসেম্বর শেষ হয়েছে।

নতুন পাসপোর্টের জন্য ওইদিনই তিনি আবেদন করেন। তাকে ৩১ ডিসেম্বর নতুন পাসপোর্ট সরবরাহের তারিখ দেওয়া হয়।

এরপর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও কোনো কারণ না দেখিয়েই পাসপোর্ট সরবরাহ করেনি কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে গত ২৯ মে রিজভী হাইকোর্টে রিট আবেদন করেন।

আবেদনে তাকে নতুন পাসপোর্ট সরবরাহের নির্দেশনা চাওয়া হয়। আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এই রুল জারি করেন।

এসএম