মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎ বাহিনীর পরিচয়ে প্রাইভেট প্রতিষ্ঠানের এক কর্মকর্তার কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে।

শুক্রবারের মধ্য এই টাকা দেয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছে। এর মধ্যে টাকা দেয়া না হলে ওই কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। বিকাশের মাধ্যমে এই টাকা পরিশোধ করতে তার কাছে একটি নম্বরও দেয়া হয়েছে।

পরে ওই কর্মকর্তা বিষয়টি ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের ডিসি, গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনের ডিসি ও র‌্যাব-৪ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার পরিচালককে জানিয়েছেন।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর থানায় একটি লিখিত অভিযোগও (জিডি-নম্বর-৫৪) করা হয়েছে। হুমকির ঘটনার পর থেকে ওই কর্মকর্তার পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, হুমকিদাতারা শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎ বাহিনীর পরিচয়ে গত দু'দিন ধরে মিরপুরের কল্যাণপুর আল-আমিন রোডের বাসিন্দা ও প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মকর্তা শেখ মো. মহসিন রেজাকে ফোন করে চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় তাকে নানাভাবে গালিগালাজ করা হয়।

সর্বশেষ তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তাকে বেশ কয়েকবার হুমকি দেয়া হয়। হুমকিতে অতিষ্ঠ হয়ে তিনি চাঁদাবাজদের মোবাইল নম্বরটি ব্লক করে দেন।

পরে অন্য ফোন নম্বর থেকে ফোন করে টাকা দেয়ার জন্য শুক্রবার পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়। এই সময়ের মধ্য টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা।

ঘটনাটি পরিবারের পক্ষ থেকে র‌্যাব সদর দপ্তর, র‌্যাব-৪-সিও, ডিবির ডিসি পশ্চিম ও পুলিশের মিরপুর জোনের ডিসি ও এডিসিকে জানানো হয়েছে।

গোয়েন্দা পুলিশ ও র‌্যাব ঘটনাটি সম্পর্কে গতকাল থেকে খোঁজ খবর নিচ্ছেন বলে জানান।

এসএইচ