বরিশাল শহরের বাস্তুহারা স্কুল মাঠে নির্মান সামগ্রী ৪৮ ঘন্টার মধ্যে অপসারনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  স্থানীয় কমিশনার জয়নুল আবেদীনকে এ নের্দেশ দেয়া হয়েছে।
একই সঙ্গে বাস্তুহারা স্কুলের খেলার মাঠ রক্ষা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
বুধবার এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও  বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে বরিশালের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সদর থানার টিএনও এবং ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে স্কুল মাঠে শিশুদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
তিনি বলেন, পরিবেশ আইন ১৯৯৫ ও প্রাকৃতিক জলধারা সংরক্ষণ আইন ২০০০ অনুসারে খেলার মাঠ দখল করে স্থাপনা তৈরী সম্পূর্ণ বেআইনী।
এর আগে ওই ‘স্কুলের খেলার মাঠে স্থানীয় কমিশনার পাকা ঘর নির্মান করলে শিশুদের খেলাধুলা বন্ধ হয়েছে’ এই প্রতিবেদন একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
[b]ঢাকা, ফেব্রুয়াইর ৫ (টাইমনিউজবিডি.কম) // জিই//এসএইচ[/b]