ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামগামী ইউএসবাংলার একটি ফ্লাইটে টিকেট বিহীন এক যাত্রী উঠে পরলে ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে একই ফ্লাইটে যাত্রীদের সঙ্গে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বোরখা পরিহিত এক তরুণীর ইউএসবাংলার ঐ ফ্লাইটে ওঠার খবর পেলে ফ্লাইটটি থামানো হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে বিমানবালারা প্লেনের মধ্যে চূড়ান্ত একটি গণনা দেওয়ার সময় একজন যাত্রী বেশি থাকায় তারা সবার বোর্ডিং কার্ড দেখাতে বলেন।

সেসময় ঐ তরুণীটি কোন কার্ড দেখাতে পারেননি। পরে সব যাত্রীকে নামিয়ে অন্য একটি ফ্লাইটে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

মি. হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, ঐ তরণীকে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সেসময় তার কথাবার্তা শুনে কর্মকর্তাদের মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। মেয়েটির যশোরে বাড়ি, তবে তিনি ঢাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন বলে জানাচ্ছে পুলিশ।

তবে মেয়েটিকে জিজ্ঞাসাবাদের পর তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে কোন টিকেট এবং বোর্ডিং পাস ছাড়া নিরাপত্তা চৌকি এড়িয়ে একজন কিভাবে প্লেনের মধ্যে উঠে পরলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে।

এসএইচ