অবৈধ সম্পদ অর্জনের মামলা তদন্তে সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ জব্বারের ছোট ছেলে মো. মাহবুব হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্রে জানা গেছে, রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা মামলার (মামলা নং-২১) তদন্তে মাহবুব হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সম্পদের তথ্য বিবরণীতে গোপন করা টয়োটা রুস-২০০৭ মডেলের গাড়ি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। গাড়িটি মাহবুব হোসেন ১৯ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। যার কোনো রশিদ নেই। এ গাড়ির যাবতীয় কাগজপত্র দুদক জব্দ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, মাহবুব হোসেন নিজেকে ব্যবসায়ী বলে দাবি করলেও তার কোনো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) নেই। যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করতে গেলে পরিচালকদের টিআইএন থাকা বাধ্যতামূলক। একাধিক কোম্পানির পরিচালক হওয়া সত্ত্বেও কীভাবে তার টিআইএন থাকে না তা নিয়ে সন্দেহ রয়েছে।

সাবেক সংসদ সদস্য এম এ জব্বর এক কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ টাকা এবং তার ছেলে মাহবুব হোসেন ১৯ লাখ টাকা অবৈধভাবে অর্জন করায় ১৩ অক্টোবর রমনা থানায় পৃথক দুটি মামলা করে দুদক।

কেএইচ