ঢাকার কচুক্ষেতে সেনানিবাস এলাকার একটি চেকপোস্টে ‘মিলিটারি পুলিশের’ এক সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে।
কাফরুল থানার এস আই আবদুল হালিম জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেন, “কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে কোপানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।”
তবে আহত বা আটক- কারও নামই তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রধান সহ সম্পাদক এহেছান লেনিন জেনেছেন, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টমেন্টে ঢোকার সময় চেকপোস্টে দায়িত্বরত এক এমপি (মিলিটারি পুলিশ) সদস্য বাহনটি থামান। তিনি রিকশার হাওয়া ছেড়ে দিতে গেলে পেছন থেকে তাকে দা বা চাপাতি দিয়ে কোপানো হয়।
মো. সালাউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, রিকশাওয়ালাই ওই মিলিটারি পুলিশকে কুপিয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
ঘটনার পরপরই আহত এমপি সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপস্থিত এমপি ও সেনাসদস্যরা ওই রিকশাওয়ালাকেও আটক করেন। তবে তার নাম জানাননি তারা।
হামলার ঘটনার পর পর উৎসুক জনতা ওই চেকপোস্টের কাছে ভিড় জমান। খবর পেয়ে কাফরুল থানার কর্মকর্তারাও সেখানে ছুটে যান। পরে মিলিটারি পুলিশ ও সেনা সদস্যরা জনতাকে সরিয়ে দেয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “উনি সামান্য আহত হয়েছেন। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।”
এমআর





