জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ গঠন বাতিল আবেদনের ওপর আদেশ দেওয়া হবে আজ।  
দুপুরে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।
এর আগে ১৬, ১৭ ও ২০ এপ্রিল তিনদিন এ বিষয়ে শুনানি হয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ,ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সেলিম খান।
গত ১৩ এপ্রিল হাইকোর্টে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন  তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
১৯ মার্চ ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলায় চার্জ গঠন করে আদেশ দেন। খালেদা জিয়া অভিযোগ করছেন প্রক্রিয়া না মেনেই তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ