সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ১০ জনকে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রধান বিচারপতির সুপারিশক্রমে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ নতুনভাবে ১০ জনকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
বিচারপতিরা হলেন, সুপ্রীম কোর্টের বর্তমান রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এস এম মুজিবুর রহমান, গাজীপুর জেলা ও দায়রা জজ আমীর হোসেন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো. সেলিম ও মো. সোহরওয়ারদী, সুপ্রীম কোর্টের আইনজীবী জ্যেতির্ময় নারায়ণ দেব, খিজির আহমেদ এবং ইকবাল কবির লিটন।
সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই দশজনকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। দুই বছর পর রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী তাদেরকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হবে।
বাংলাদেশর সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে আলোচনার প্রেক্ষিতে তাদেরকে নিয়োগ দিয়েছেন।
কেএইচ





