রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ঢালে যাত্রীবাহী একটি বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া ফেরিঘাট থেকে আপন পরিবহনের যাত্রাবাহী গামী একটি বাস শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ঢালে আসে। এসময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার ওপর বাসটি উল্টে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরো ২৫ জন যাত্রী।
আহতদের মধ্যে কাজল, আব্দুল মালেক ও খুকি নামে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের সদর দফতরে দায়িত্বরত ইন্সপেক্টর ভজন চন্দ্র সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। তারা ওই যাত্রীদের উদ্ধারে কাজ করছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, বাসটি দ্রুত গতির কারণেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন।
এম অার





