বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন আইনের শাসনের পরিপন্থী বা আদালত অবমাননার শামীল নয় বলে দাবি করেছের এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

আজ (২৮ জুলাই ২০১৫) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রাখার দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন আপীল বিভাগের ওপর চাপ সৃষ্টির শামীল যা আদালত অবমাননার পর্যায়ে পড়ে-আসামী পক্ষের এক আইনজীবীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

ব্রিফিংকালে এটর্নি জেনারেল মাহবুবে আলম আরও বলেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছে।

ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যেই আন্দোলন শুরু করেছিলেন তারই বাস্তবায়ন বর্তমান সরকার শুরু করেছে বলেও দাবি করেন অ্যাডভোকেট মাহবুবে আলম।

তরুণ প্রজন্মের প্রতিনিধিদের নিয়ে শাহবাগ চত্ত্বরে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলন তাই কোন মতেই আদালত অবমাননা বা বিধি বহির্ভূত নয় বলেও মন্তব্য এটর্নি জেনারেল মাহবুবে আলমের।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আগামীকাল (২৯ জুলাই ২০১৫) রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সাংবাদিকদের ব্রিফিংকালে এটর্নি জেনারেল আশা প্রকাশ করে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সালাহউদ্দিন যে অপরাধ করেছেন তা বিবেচনায় নিয়ে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখবেন বলেই তার বিশ্বাস।

এর আগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী এবং একাত্তরে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানী যুদ্ধাপরাধীদের এদেশীয় সহযোগীদের বিচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ১৯৭২ সালে গৃহিত দালাল আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, ফাঁসির রায় বহাল রাখতে সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করছে গণজাগরণ মঞ্চ যা আদালত অবমাননার শামীল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অফিসে সাংবাদিকদের সংগে আলাপকালে খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, সর্বোচ্চ আদালতে সালাহউদ্দিনের মামলা বিচারাধীন, অথচ গণজাগরণ মঞ্চ তার ফাঁসির দাবিতে ক্রমাগত স্লোগান দিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের ব্রিফিংকালে খন্দকার মাহবুব বলেন, তিনি আশা করেন যে সর্বোচ্চ আদালত এ ধরনের বিচার বহির্ভূত কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করবেন।

কেবি