নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় সিদ্দিরগঞ্জের আদমজী এলাকা থেকে র‌্যাবের আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- র‌্যাব সদস্য হাবিলদার আবুল কালাম আজাদ, নাসিরউদ্দিন, বজলুর রহমান।

মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, সিদ্দিরগঞ্জের আদমজী এলাকা থেকে রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই কোটে পাঠানো হবে।

তিনি বলেন, ‘এ ঘটনায় যেই জড়িত থাকুক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল তাদের মরদেহ শীতলক্ষা নদীতে ভেসে ওঠে।

এ ঘটনায় র‌্যাব-১১ এর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে ৫ মে হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র দাসের বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে র‌্যাব-১১ এর তিন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেন।

একই সঙ্গে র‌্যাব সদর দপ্তরকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন। পরে তিন কর্মকর্তাসহ অন্যরা গ্রেফতার হন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ৮ মে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি আফতাব উদ্দিনকে প্রদান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে র‌্যাব।

কমিটির অপর সদস্যরা ছিলেন র‌্যাব-১০ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারওয়ার, মেজর মোহাম্মদ সাদিক ও এসপি সাজ্জাদ।

জেআই