কক্সবাজারের মহেশখালী উপজেলায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল আবেদীন প্রকাশ (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কালামারছড়া ইউনিয়নের নোনাছড়িতে এ ঘটনা ঘটে। র‍্যাবের দাবি, জয়নাল তালিকাভুক্ত ডাকাত।

র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলামের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কালামারছড়া ইউনিয়নের পূর্ব নোনাছড়ি এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

ওই কর্মকর্তার দাবি, একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে তালিকাভুক্ত ডাকাত জয়নাল আবেদীন প্রকাশ নিহত হন। এ সময় একই এলাকার সন্ত্রাসী শাহজাহান (৩৩) ও আবছারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাঁর।

এমআর