জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ (বুধবার) বেলা আনুমানিক বারোটার দিকে আদালতে পৌঁছান তিনি।
এরপরই অষ্টম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এজে মোহাম্মদ আলী খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন।
আগামীকাল বৃহস্পতিবারও এ শুনানির দিন রয়েছে।
এরআগে বেলা ১১টা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে বকশীবাজারে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমান’সহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
এমবি





