ইতালীর নাগরিক তাভেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ৪ জনের মধ্যে ৩ জনকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রিমান্ডে নেওয়া ৩ জন হলেন— রাসেল ওরফে কালা রাসেল, চাকতি রাসেল ও সাখাওয়াত হোসেন শরীফ।

বাঁকি শ্যুটার রুবেল আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

ডিবি পুলিশ ঢাকার সিএমএম আদালতে সোমবার দুপুরে তাদের হাজির করে ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান শুনানি শেষে ৩ জনের বিরুদ্ধে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে তাভেলাহত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের কাছ থেকে তাভেল্লা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, সরাসরি কিলিং মিশনে অংশ নেওয়া ৩ জন এবং তাদের এক সহযোগীকে আটক করা হয়েছে। এ ছাড়া তাভেল্লা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

সোমবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, তাভেল্লা সিজারকে বড় ভাইয়ের নির্দেশেই হত্যা করা হয়েছে। তবে হত্যার নির্দেশদাতা ‘বড় ভাইয়ের’ পরিচয় প্রকাশ করেননি তিনি।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালীর নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাভেল্লা সিজার।

এআই