বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আাদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য ছিল; কিন্তু খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, আজ এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু আজ খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁকে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন।

শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ গঠনের শুনানির জন্য ৭ জানুয়ারি দিন ঠিক করেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

এমএম