সাবেক প্রেমিকাকে ২১ হাজার ৮০৭ বার ফোন করা ও খুদেবার্তা পাঠানোর দায়ে ফ্রান্সের এক ব্যক্তিকে (৩৩) গত বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি স্বীকার করেছেন যে এটা ‘নির্বোধের’ কাজ হয়েছে।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ফোন দেয়া ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে ১০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে ছয় মাস স্থগিত দণ্ডাদেশ। ১ হাজার ৩০০ ডলার জরিমানা করা হয়েছে।
এই মামলার আইনজীবীরা এএফপিকে জানান, ওই ব্যক্তিকে মানসিক চিকিত্সা দেয়া হবে। সাবেক প্রেমিকার সঙ্গে তার সব ধরনের যোগাযোগের পথও বন্ধ করা হয়েছে।
সাজা পাওয়া ওই ব্যক্তি ১০ মাস ধরে ফোন করা ও খুদেবার্তা পাঠানোর কথা স্বীকার করেছেন। এর আগে সাবেক প্রেমিকা তাকে যোগাযোগ না রাখতে বলেছিলেন এবং তিনি এ কথা মেনেও নেন।
২০১১ সালে সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর হতাশা থেকে মুক্তি পেতে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একসঙ্গে থাকার সময় বাসায় তিনি যে কাজ করিয়েছিলেন, এ ব্যাপারে সাবেক প্রেমিকার কাছে ক্ষতিপূরণ দাবি করেন। আদালতে তিনি বলেন, ‘যতক্ষণ না সে আমাকে টাকা ফিরিয়ে দেবে বা ধন্যবাদ না জানাবে, ততক্ষণ পর্যন্ত ফোন করা থেকে বিরত হব না।’
তিনি দৈনিক গড়ে ৭৩টির বেশি ফোনকল ও খুদেবার্তা পাঠিয়েছেন। এতে অতিষ্ঠ ওই প্রেমিকা ফোন বন্ধ করে রাখলে তাঁর বাবা-মায়ের কাছে, এমনকি অফিসে পর্যন্ত ফোন করতেন ওই ব্যক্তি।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





