নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী রিমান্ড শুনানির জন্য ১৫ জুন নির্ধারণ করেছেন আদালত।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসলামের বিরুদ্ধে নাশকতার দুই মামলায় ২০ দিনের রিমান্ড শুনানির জন্য দিন নির্ধারিত ছিল।

আসলাম রাষ্ট্রদোহ মামলায় রিমান্ডে থাকায় ঢাকা মহানগর হাকিম নুর নবী ও ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

গত ২৪ মে নাশকতার দুটি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।

গত ১৫ মে বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে তাঁকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে গত ১৪ মে আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এমনকি তাঁকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।

ওএফ