মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের আফসার হোসেন চটু (৬৫) ও মাহিদুর রহমানকে (৮৪) আটক দেখাতে রাষ্ট্রপক্ষের আবেদন না মঞ্জুর করে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এ আদেশ দেয়।
একইসঙ্গে এই দুই জনের বিরুদ্ধে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ২ নভেম্বর ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহিদুর রহমান আবেদন করে শুনানি করেন।
আদালতে আইনজীবী বলেন, আসামীদের বাড়ি সীমান্ত এলাকায় ও প্রভাবশালী। তারা অন্য একটি মামলায় আটক আছেন। জামিন নিয়ে বের হলে, তারা পালিয়ে যেতে পারেন এবং তদন্তকাজে ব্যঘাত ঘটতে পারে।
এ সময় আদালত বলেন, অন্য মামলায় গ্রেফতার হওয়ার পর কেন আপনাদের বোধদয় হল। এ বছর ১২ ফেব্রুয়ারিতে মামলা করার পর এখন তো আপনাদের তৎপরতা দেখলাম না। এছাড়া আসামিরা তো কোনো দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী বাএমপিও নয়। একজন মানুষকে কেন অপ্রয়োজনীয় ভাবে হেনস্থা করবেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, এ দুই আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে; তদন্ত রিপোর্টে এ ধরনের কোনো প্রমাণ নেই। তাছাড়া আসামিদেরকে রাত ২ টায় তাদের বাড়ি হতেই গ্রেফতার করা হয়েছে। তাই তাদের পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
এরপর ট্রাইব্যুনাল বলেন,এই মামলায় তাদেরকে শ্যোন এ্যারেস্ট দেখানো হচ্ছে না।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর আফসার হোসেন চটু ও মাহিদুর রহমানকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ।
এর ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ১৮ সেপ্টেম্বর তাদেরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানোর আবেদন করে।
ঢাকা, কেএ,২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





