সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার সর্বশেষ অগ্রগতি জানাতে হাইকোর্টে হাজির হয়েছেন তদন্তকারী কর্মকর্তা জাফরউল্লাহ। দুপুর ২ টায় তিনি প্রতিবেদন দাখিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
১৮ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালতে হাজিরা নিশ্চিত করতে র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা জাফরউল্লাহ টাইমনিউজবিডিকে জানান, তিনি আজ দুপুরে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতকে জানাবেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর রুনি দম্পত্তি রাজধানীর পশ্চিম রাজাবাজার নিজ ফ্লাটে খুন হন। এই মামলার তদন্ত করতে ডিবি পুলিশকে দায়িত্ব দেয়া হয়। এরপর ডিবি থেকে তদন্তের জন্য র‌্যাবের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ মামলায় গ্রেফতার হওয়া আসামীরা হলেন, বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসান অরুন। এ তিন আসামীকে ২০১২ সালের ১০ অক্টোবর সাগর-রুনি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এছাড়া ২০১২ সালের ৩ সেপ্টেম্বর তাদেরকে বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: নারায়ন চন্দ্র দত্ত হত্যা মামলায়ও গ্রেফতার করা হয়।
[b]ঢাকা, জিই ৫মার্চ (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]