বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির তিন মামলায় গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

তিন মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল সোমবার। পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আতাউল হক এ দিন ধার্য করেন।

এর আগে ২০১৫ সালের ২০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ আগস্ট লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী।’ ২ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি।’

এ সব বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় নিজের সুনাম ক্ষুণ্ন হয়েছে— এমন অভিযোগে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী, ২০১৪ সালের ১৭ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মনির খান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এ্যাডভোকেট মশিউর মালেক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আদলতে মামলা করেন।

এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনের আছেন।

এআই