পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বনগ্রামে  ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আর্দেশ দেন।
পাবনার সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ
পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আগামী তিন সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন আদালত। ফেসবুকে মন্তব্যকারীকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন আদালত।
গত ২ নভেম্বর ওই হামলার ঘটনা ঘটে। পরের দিন ৩ নভেম্বর এ সংক্রান্ত সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতে তুলে ধরেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও এএম আমিন উদ্দিন। এরপর আদালতের নির্দেশনা অনুসারে অনুসন্ধান ও ক্ষতিপূরণ নির্ধারণের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
পরে আদালতে কমিটির ওই প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
তিনি সাংবাদিকদের জানান,  প্রতিবেদনে অনুসারে ৪৩ লাখ ৪২ হাজার টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে। আর ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৩৩টি, বসতঘরের সংখ্যা ২৯টি, ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি, ক্ষতিগ্রস্ত মন্দিরের সংখ্যা সাতটি।
আগামী তিন সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের প্রদান করতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
গত ২ নভেম্বর ফেসবুকে মহানবী হজরত মুহম্মদ  (সা.) সম্পর্কে কটূক্তির গুজব ছড়িয়ে বনগ্রাম বাজার এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করা হয়।
[b]ঢাকা, জিই ফেব্রুয়ারি ৯ (টাইমনিউজবিডি.কম)

[/b]