নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে জেএমবি নেতা তামিম আহমেদ চৌধুরীর সঙ্গে নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
নিহত ওই জঙ্গির নাম ফজলে রাব্বি।পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেনতার বাড়ি যশোর।
ঘটনাস্থল থেকে উদ্ধার একটি জাতীয় পরিচয়পত্র থেকে রাব্বির পরিচয় জানা গেছে। গুলশান হামলার পর যশোর পুলিশ নিখোঁজ যে পাঁচজনের ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছিল সেখানে ২ নম্বরে রাব্বির ছবি ছিল।
এই অভিযানে নিহত আরেকজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তার নাম তাওসীফ। তিনি ঢাকার ধানমণ্ডির বাসিন্দা। ধানমণ্ডির ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. মো. আজমলের ছেলে তাওসীফ গত মার্চে ঘর ছাড়েন।
গুলশানের ক্যাফেতে হামলা চালিয়ে নিহত নিবরাজ ইসলাম,শোলাকিয়ায় হামলার পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত আবীর রহমান এবং কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত শেহজাদ রউফ অর্কও একই সময়ে বাড়ি ছেড়েছিলেন বলে তাদের পরিবারের ভাষ্য।
গত ১ জুলাই গুলশানের ক্যাফেতে হামলার আগে ঢাকার এই চার তরুণই ঝিনাইদহের একটি মেসে ছিলেন বলে জুলাইয়ের শেষদিকে জানিয়েছিলেন জঙ্গি-তদন্তে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমবিএইচ





