নতুন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে আইপিওর চাঁদা জমা দিতে পারবেন বিনিয়োগকারীরা।
রোববার হামিদ ফেব্রিকসের টাকা জমা নেওয়ার মাধ্যমে প্রাথমিক প্রকল্প বা পাইলট প্রোজেক্ট শুরু হয়েছে।
স্টক এক্সচেঞ্জ ও বিএসইসি সূত্রে জানা যায়, আগে নির্দিষ্ট ব্যাংকে আইপিওর টাকা জমা দিতে হতো। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকে দীর্ঘ লাইন পড়ে যেত। বিনিয়োগকারীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে আইপিও আবেদন করতে হতো। নতুন এই প্রক্রিয়া চালু হলে এখন থেকে বিনিয়োগকারীরা নিজ নিজ ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে আইপিওর টাকা জমা দিতে পারবেন।
পাশাপাশি বিনিয়োগকারীদের সুবিধার্থে আগের নিয়মে নির্ধারিত ব্যাংকের শাখায় আইপিও টাকা জমা দেওয়া যাবে। নতুন এ প্রক্রিয়া বাস্তবায়নে কোনো ধরনের সমস্যা বা জটিলতা না হলে স্থায়ীভাবে এই ব্যবস্থা চালু করা হবে।
বিএসইসি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট বিএসইসির ৫২৪তম কমিশন সভায় নতুন এই আইপিও ব্যবস্থা অনুমোদন দেওয়া হয়। নতুন এ প্রক্রিয়ার অধীনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৬৬টি ও সিএসইর ৩৬টি ব্রোকারেজ হাউস এবং ১৬টি মার্চেন্ট ব্যাংকে আইপিওর টাকা জমা দেওয়া যাবে।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





