রাষ্ট্রীয় মালিকানাধীন ২১ প্রতিষ্ঠানকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পুঁজিবাজারে শেয়ার সরবরাহের (অফলোড) নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রণালয়। এছাড়া কয়েকটি কোম্পানিকে আগামি জুন এবং আরও কিছু সেপ্টেম্বরের মধ্যে শেয়ার ছাড়ার আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে সভাপত্বি করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার অফলোড সংক্রান্ত কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। প্রতিনিধিরা নিজস্ব প্রতিষ্ঠানের শেয়ার সরবরাহের বিষয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কিত লিখিত প্রতিবেদনমন্ত্রণালয়ের কাছে পেশ করেছে।
অর্থমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও কেন প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না সে বিষয়েও জানতে চাওয়া হয়। কিন্তু কোম্পানিগুলোর পক্ষ থেকে শেয়ারবাজারে তালিকাভুক্তির না হওয়ার বিষয়ে নানা জটিলতার তুলে ধরে। তবে পুঁজিবাজারে শেয়ার অফলোডের বিষয়ে তাদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন আগত প্রতিনিধিরা।
সরকারি ২১ কোম্পানির মধ্যে কেউ কেউ আগামী জুন ও অক্টোবর পর্যন্ত সময় চেয়েছে। আবার আট থেকে দশটি কোম্পানি এ মুহূর্তে শেয়ার অফলোড করা সম্ভব নয় বলে জানিয়েছে। তবে মন্ত্রণালয়ের চাপে তারা আগামী ডিসেম্বরের মধ্যে শেয়ার অফলোড করবে বলে সম্মতি জানিয়েছে। তবে গ্যাস ভিত্তিক গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড দ্রুত শেয়ার অফলোড করবে বলে জানিয়েছে।
শেয়ার অফলোডর অপেক্ষায়রত সরকারি প্রতিষ্ঠানগুলো হল- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হোটেল রূপসী বাংলা, হোটেল সোনারগাঁও, প্রগতি ইন্ডাস্ট্রিজ, টেলিফোন শিল্প সংস্থা, টেলিটক, বিটিসিএল, ডেসকো, পাওয়ার গ্রিড, বাংলাদেশ গ্যাস ফিল্ড, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস ফিল্ড, এলপি গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, জালালাবাদ গ্যাস ফিল্ড, বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন, পশ্চিমাঞ্চল গ্যাস ফিল্ড ও সিলেট গ্যাস ফিল্ড।
জানা গেছে, গত ৫ বছরে মাত্র একটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। আর একটি তালিকাভুক্তির আবেদন করেছে। এ ছাড়া আগে থেকে তালিকাভুক্ত ৫ কোম্পানি অতিরিক্ত শেয়ার বিক্রি করেছে। বাকি কোম্পানিগুলোর আগামী এক বছরের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ বাজার সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, ২০১০ সালের ১৩ জানুয়ারি সরকারি ২৬ প্রতিষ্ঠানকে পরবর্তী ছয় মাসের মধ্যে শেয়ার অফলোড (বাজারে বিক্রি) করার সময় বেঁধে দেওয়া হয়। কোম্পানিগুলো হলো -রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কম্পানি, জালালাবাদ গ্যাস কম্পানি, বিটিসিএল, টেলিফোন শিল্প সংস্থা, টেলিটক, চিটাগাং ড্রাইডক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, এসেনশিয়াল ড্রাগস লিমিটেড, বাখরাবাদ গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস, বাংলাদেশ গ্যাস ফিল্ডস, রুরাল পাওয়ার, হোয়েকস্ট বাংলাদেশ লিমিটেড, প্রগতি ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডেভেলপমেন্ট, মিরপুর সিরামিকস, হোটেল ইন্টারন্যাশনালের (সোনারগাঁও হোটেল), ছাতক সিমেন্ট, কর্ণফুলী পেপার মিলস, জিএম কোম্পানি এবং বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড। এছাড়া ইতোমধ্যেই বাজারে আসা তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল এবং পাওয়াগ্রিড কোম্পানিকে আরও কিছু বাড়তি শেয়ার ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
কোম্পানিগুলোর মধ্যে শুধু বাংলাদেশ সাবমেরিন কেবলপুঁজিবাজারে তালিকাভুক্ত হয় (২০১২)। আর পুনঃ গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছাড়ে বাংলাদেশ শিপিং করপোরেশন। মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল বাজারে বাড়তি শেয়ার বিক্রি করে। প্রাথমিক গণ প্রস্তাবের জন্য আবেদন জমা দেয় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।
তবে সরকারি শেয়ার ছাড়ার এবারের উদ্যাগ শেষ পর্যন্ত কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ অনেকগুলো কোম্পানি এখানও তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা পায়নি। কয়েকটি কোম্পানি লোকসানি। কয়েকটি কোম্পানি আবার নানা অজুহাতে বাজারে আসার ব্যাপারে তাদের অনাগ্রহের বিষয় তুলে ধরেছে।
অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিমশনের (বিএসইসি) সদস্য মো: আরিফ খান, নির্বাহী পরিচালক মাহবুব আলম, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]