নিজের ৪১ লাখ ডলার মূল্যের সম্পদ পরিবার, সাবেক কর্মী, নিজ দল ও কিছু প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দিয়ে গেছেন প্রয়াত বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। সোমবার তার উইল প্রকাশ হলে এ তথ্য উঠে আসে।
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলার উইলে দেখা যায়, তিনি তার ব্যক্তিগত সম্পদের একটি বড় অংশ নিজ পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেয়ার নির্দেশনা দিয়ে যান। স্ত্রী, সন্তান-সন্ততি, নাতি-নাতনি ও তাদের সন্তান মিলে ৩০ জনেরও বেশি উত্তরাধিকারী রেখে যান তিনি।
অনেকেই মনে করছেন, শান্তিতে নোবেল জয়ী এ নেতার সম্পদ নিয়ে তার বিভক্ত পরিবারের সদস্যদের মধ্যকার দ্বন্দ্ব আরো বাড়তে পারে। এরই মধ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে ম্যান্ডেলার নাম ব্যবহারের স্বত্ব নিয়ে তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ও অন্যান্য সংগঠনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন তার পরিবারের কেউ কেউ।
তবে দক্ষিণ আফ্রিকার উপপ্রধান বিচারপতি ডিকগেন মোসেনেকে বলছেন, উইল পড়ার সময় ম্যান্ডেলার পরিবারের সদস্যদের ইতিবাচক ও আবেগাপ্লুত দেখা গেছে।
উইল অনুসারে, তার সব সন্তান ও কোনো কোনো নাতি-নাতনি প্রত্যেকে ৩ লাখ ডলার করে পাবেন। জোহানেসবার্গের বাড়িটি পাবেন প্রয়াত পুত্র ম্যাকগাথোর সন্তান-সন্ততিরা।
ম্যান্ডেলার বই ও অন্যান্য বাণিজ্যিক রয়্যালটি থেকে ভবিষ্যত্ আয়ের একটি বড় অংশ পাবে এএনসি। প্রিয় ব্যক্তিগত কর্মচারীরাও কিছু বরাদ্দ পেয়েছেন তার উইলে। দীর্ঘদিনের সহকারী জেল্ডা পাবেন ৫০ হাজার র্যান্ড।
এ বিষয়গুলো সবাই শ্রদ্ধার সঙ্গে দেখলেও তার পরিবারের সদস্যদের কারো কারো বিরুদ্ধে আগ্রাসীভাবে ‘ম্যান্ডেলা’ নামটির বাণিজ্যিকীকরণের অভিযোগ উঠছে। দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের নানা প্রান্তের ম্যান্ডেলাভক্ত এতে আহত হচ্ছেন। সূত্র: রয়টার্স ও এএফপি।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]