আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, আর্থিক ও কর পদ্ধতি আধুনিকায়নসহ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক নীতি ও প্রাতিষ্ঠানিক হালনাগাদ প্রয়োজন।
আইএমএফ মিশন প্রধান ব্রায়ান এইটকেন আজ বাংলাদেশ ব্যাংক সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
পরামর্শ সমাপনে আইএমএফ মিশন ২৬ ফেব্রুয়ারি ১২ দিনের সফরে ঢাকা আসে। বাংলাদেশ সফরকালে আইএমএফ মিশন অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংক গভর্নর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ব্যবসায়ী, ব্যাংকিং খাত, শ্রমিক ইউনিয়ন, থিং ট্যাংক ও উন্নয়ন অংশীদারসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন।
আইএমএফ মিশন প্রধান বলেন, বাংলাদেশের ব্যাপক আকারে বিনিয়োগ প্রয়োজন। তিনি রাজস্ব আয় বৃদ্ধির জন্য কর ব্যবস্থা আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
ব্রায়ান এইটকেন জুলাই থেকে চালু হতে যাওয়া নতুন ভ্যাট আইনের কথা উল্লেখ করে বলেন, এতে রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং অন্যান্য খাতেও গুরুত্বপূর্ণ মুনাফা অর্জিত হবে।
তিনি আরো বলেন, প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের অর্থনীতিকে অব্যাহতভাবে রফতানি ও রেমিটেন্সের ওপর নির্ভর করতে হবে। মুদ্রা ও আর্থিক নীতি, আর্থিক খাত সুপারভিশন ও রেগুলেশন এবং সামষ্টিক অর্থনৈতিক পরিসংখ্যানসহ নীতিগত উপদেশ ও ক্যাপাসিটি বিল্ডিং-এর মাধ্যমে আইএমএফ বাংলাদেশের সংস্কার প্রচেষ্টায় সমর্থন দিয়ে যেতে প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
এমবি





