বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে সরকারী প্রতিষ্ঠানগুলো টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন অর্জনে ক্যাপাসিটি বিল্ডিং/সামর্থ সৃষ্টি নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই চ্যালেঞ্জগুলো সমাধানে এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে যে দক্ষতার ঘাটতিগুলো রয়েছে তা পূরণে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের নামে প্রদত্ত টেক্নিক্যাল সহায়তা ও প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি'র জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির জ্যাক মর্টন অডিটরিয়ামে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যান্স’ সেমিনারে ড. রহমান তাঁর বক্তৃতায় এসব কথা বলেন।

পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো উন্নয়নশীল দেশগুলোর মুদ্রানীতি ও রাজস্বনীতি প্রণয়ন ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষকেও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন অর্জনের লক্ষ্যে স্থিতিশীল সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ বজায় রাখতে হয়। সে উদ্দেশ্যে এসকল দেশের সরকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন খাতগুলোর সংযোগ ও নির্ভরতা সম্পর্কে পর্যাপ্ত স্বচ্ছ ধারণা থাকার প্রয়োজন হয়।

প্রয়োজনীয় বিশ্বাসযোগ্য ব্যষ্টিক ও সামষ্টিক ডাটা এবং ফরকাস্টিং হলো যে কোনো ধরণের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অপরিহার্য শর্ত। দেশের অর্থনীতি উন্মুক্ত ও বৈশ্বিক অর্থনীতির সাথে সম্পৃক্ত হওয়ার প্রেক্ষিতে সরকারী পরিসংখ্যান কর্তৃপক্ষগুলোকে আন্তর্জাতিক মানদন্ডের ফরম্যাটে ডাটা সংগ্রহ ও সরবরাহ হচ্ছে। এক্ষেত্রে আইএমএফ সবসময় তার সদস্য দেশগুলোর জন্য সিডি সহায়তা প্রদান করে আসছে এবং বাংলাদেশ তার আইএমএফ সদস্যপদ অর্জনের পর থেকেই এ সহায়তা পুরোপুরিভাবে ব্যবহার করে আসছে।

প্রত্যেক বছর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, রাজস্ব ও পরিসংখ্যান কর্তৃপক্ষের অসংখ্য কর্মকর্তাবৃন্দ আইএমএফ’র হেডঅফিস ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে ফিন্যান্সিয়াল প্রোগ্রামিং; ম্যাক্রোইকোনমিক এ্যানালাইসিস এন্ড ফরকাস্টিং; মুদ্রা, রাজস্ব, জাতীয় আয় ও বিওপি পরিসংখ্যান সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন। বাংলাদেশ নিজেও মাঝে মাঝে আইএমএফ’র বিভিন্ন আঞ্চলিক প্রশিক্ষণ সেমিনার আয়োজন করে। সম্প্রতি আইএমএফ র সিডি সহায়তা মডুলার অনলাইন কোর্সের আকারে প্রদান করা হচ্ছে যা প্রশিক্ষণার্থীরা ঘরে বা কর্মস্থলে বসে ব্যবহার করতে পারেন। এটা সাশ্রয়ী প্রশিক্ষণ পদ্ধতি যা প্রশিক্ষণার্থীদের কর্মস্থলের কর্মসম্পাদনে কোন ব্যাঘাত সৃষ্টি করে না বরং দ্রুত জনপ্রিয় হচ্ছে।

বাংলাদেশি কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও সেমিনার আয়োজনের পাশাপাশি আইএমএফ বাংলাদেশের বিভিন্ন খাতে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী আবাসিক বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে সহায়তা প্রদান করে আসছে। বাংলাদেশ ব্যাংক এধরণের সহায়তা থেকে উপকৃত হয়ে আসছে, বিশেষতঃ মুদ্রানীতি, ডেট মার্কেট ডেভেলপমেন্ট, আইএএস কমপ্লায়েন্ট একাউন্টিং, আইএফআরএস কমপ্লায়েন্ট ফিনান্সিয়াল সেক্টর রেগুলেশন এন্ড রিস্ক বেজড্ সুপারভিশন এবং এএমএল সিএফটি সারভেলিয়েন্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক দক্ষতার উন্নয়ন।

গভর্নর ড. রহমান আশাবাদ ব্যক্ত করেন যে, আইএমএফ এবং তার দাতা অংশীদারগণ বাংলাদেশের আর্থিক, রাজস্ব ও পরিসংখ্যান কর্তৃপক্ষকে সিডি সহায়তা প্রদানে সর্বদাই অগ্রগণ্য ভূমিকা পালন করবেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সার্ভে ডিজাইন এবং উৎপাদন, মূল্যস্তর ও বেকারত্ব প্রভৃতি গুরুত্বপূর্ণ চলকগুলোর ডাইনামিক মডেল ভিত্তিক ফরকাস্টিং সম্পাদনে আইএমএফ প্রদত্ত সিডি সহায়তা ব্যবহার করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

ঢাকা, ১২ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর