ক্ষুদ্র ঋণের প্রবক্তা নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ৬ মাসের কর অব্যাহতি সংক্রান্ত জটিলতা অবশেষে নিরসন হতে যাচ্ছে। ২০১১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য প্রতিষ্ঠানটি কর অব্যাহতি পেতে যাচ্ছে। ফলে তাদের কাছ থেকে ওই সময়ে আদায় করা ১০ কোটি টাকার অগ্রিম আয়কর ফেরত দেবে রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাজস্ব বোর্ডে সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় গ্রামীণ ব্যাংকের ওই ৬ মাসের কর অব্যাহতির সুবিধা বলবত্ রাখার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে রাজস্ব বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের কর নথি পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি আগে ও পরে কর অব্যাহতি পেয়ে আসছে। সেই যুক্তিতে প্রতিষ্ঠানটি ২০১১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের করও অব্যাহতি পেতে পারে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। আরকর অব্যাহতি দিলে অগ্রিম আয়কর হিসেবে পাওয়া টাকা সংশ্লিষ্ট করদাতাকে ফেরত দেওয়ার বিধান রয়েছে বলে জানান তারা।
জানা যায়, এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কর অব্যাহতির সুযোগ চাওয়া হলেও ভূতাপেক্ষ কর (অতীতে কর্তিত কর) ফেরত দেওয়া হয় না-এমন যুক্তিতে এনবিআর ওই সময়ের জন্য কর অব্যাহতি দিতে অপারগতা প্রকাশ করে। আরকরের দায় স্বীকার করেই গ্রামীণ ব্যাংক ১০ কোটি টাকা অগ্রিম কর পরিশোধ করে। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে গ্রামীণ ব্যাংক
অধ্যাদেশের ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটি সব ধরনের কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল। গ্রামীণ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন বছর পরপর এই মেয়াদ নবায়ন করা হয়। কিন্তু ২০১১ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত গ্রামীণ ব্যাংকের আবেদনের সিদ্ধান্তটি ঝুলে থাকে। অর্থাত্ এনবিআর সিদ্ধান্ত না নেওয়ায় করের আওতায় পড়ে যায় গ্রামীণ ব্যাংক। এতে
গ্রামীণ ব্যাংককে ১০ কোটি টাকার অগ্রিম কর দিতে হয়েছিল। পরবর্তীকালে এনবিআর ২০১১ সালের জুলাই থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিষ্ঠানটিকে কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক গত ১২ মে ওই ছয় মাসের কর অব্যাহতি দেওয়ার আবেদন করেন। কিন্ত রাজস্ব বোর্ড তাতে সাড়া দেয়নি।
বর্তমানে ব্যাংকের সদস্য সংখ্যা ৮৪ লাখ। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সর্বপ্রথম ১৯৮৮ সালের ১ অক্টোবর পাঁচ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা পায়। তারপর যথাক্রমে ১৯৯৩ সালের অক্টোবর থেকে তিন বছর, ১৯৯৬ সালের অক্টোবর থেকে ওই বছরের ডিসেম্বর, ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে ২০০০ সাল, ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ২০০৫ সালের
ডিসেম্বর, ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০০৮ সালের জুন এবং ২০০৮ সালের জুলাই থেকে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কে কর অব্যাহতি দেওয়া হয়েছে। সর্বশেষ ২০১১ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের শেষ দিন পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়। এ পর্যন্ত আটবার আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে আয়কর অব্যাহতি সুবিধা দেওয়া হয় গ্রামীণ ব্যাংককে।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





