বাজারে প্রচলিত ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটগুলো আরও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেয়া হয়েছে। এসব নোটে ব্যবহৃত বিভিন্ন রঙ আরও পরিচ্ছন্ন এবং বঙ্গবন্ধুর ছবিটি আরও স্পষ্ট করা হবে। তবে বর্তমান নোটের ডিজাইনের অন্যান্য কাঠামো অপরিবর্তিত থাকবে।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নোট ডিজাইন কমিটি ইতিমধ্যে এক দফা বৈঠক করেছে। নতুন ডিজাইন সংক্রান্ত যাবতীয় কাজ চলতি বছরেই শেষ হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, বাজারে ছাড়া বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোটগুলোতে যে রঙ ব্যবহার করা হয়েছে, তা যথেষ্ট পরিচ্ছন্ন নয়। যে কারণে নোটগুলো অনেকটা ঝাপসা দেখায়। রঙের ব্যবহারে পরিচ্ছন্নতা এনে আরও আকর্ষণীয় করা হবে। একই সঙ্গে নোটে ব্যবহৃত বঙ্গবন্ধুর ছবিটিকেও আরও পরিষ্কার ও ফুটিয়ে তোলা সম্ভব, যেটি প্রচলিত নোটগুলোতে করা সম্ভব হয়নি। এখন সেটি করা হবে। বাজারে প্রচলিত ১০০, ৫০০ ও ১০০০ টাকার সব নোট চালু থাকবে। পাশাপাশি ছাড়া হবে এসব নতুন নোট।
বাজারে বর্তমানে ছয় ধরনের ৫০০ টাকার নোট চালু রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের দুই আমলে দুই ধরনের নতুন ৫০০ টাকার নোট চালু করা হয়েছে। ওই দুই নোটে বঙ্গবন্ধুর ছবি রয়েছে। বাকি চার ধরনের নোটে বঙ্গবন্ধুর ছবি নেই।
বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোটটি ইস্যু করা হয় ২০১১ সালের ৯ আগস্ট। হালকা সবুজ রঙের প্রাধান্য দিয়ে এই নোটের সামনের অংশে বঙ্গবন্ধুর ছবি এবং পেছনের অংশে বাংলাদেশের কৃষি কাজের দৃশ্য রয়েছে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর ছবি সংবলিত ৫০০ টাকার প্রথম নোট বাজারে ছাড়া হয় ২০০০ সালের ১০ আগস্ট। হালকা গোলাপি রঙের এই নোটের সামনে রয়েছে বঙ্গবন্ধুর ছবি এবং পেছনের অংশে সুপ্রিমকোর্টের ছবি। ২০০১ সালে ক্ষমতার পালাবদলের পর বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এসে ওই নোট থেকে বঙ্গবন্ধুর ছবি তুলে দিয়ে মূল ডিজাইন অক্ষুন্ন রেখে হুবহু তা আবার বাজারে ছাড়া হয় ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি।
একই নোটে আরও কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করে ২০০৪ সালের ২৪ অক্টোবর বাজারে ছাড়া হয়। ৫০০ টাকার প্রথম নোট বাজারে আসে ১৯৭৬ সালের ১৫ ডিসেম্বর। ডিজাইন পরিবর্তন করে ১৯৯৮ সালের ২ জুলাই এটি আবার বাজারে ছাড়া হয়।
১০০ টাকার নোটের মূল ডিজাইন পরিবর্তন করা হয়েছে পাঁচ দফা। মোট আট দফা নোটটি ছাপা হয়েছে। এর মধ্যে তিন দফায় নোটের মধ্যে বঙ্গবন্ধুর ছবি সংযোজন করা হয়েছে। বঙ্গবন্ধুর ছবি সংবলিত ১০০ টাকার নোট প্রথম বাজারে ছাড়া হয় ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর। জিয়াউর রহমান সরকার ক্ষমতায় এসে ডিজাইনের একাংশ পরিবর্তন করে বঙ্গবন্ধুর ছবি তুলে দিয়ে এই নোট আবার বাজারে ছাড়া হয় ১৯৭৬ সালের ১ মার্চ।
এর ডিজাইনে আরও পরিবর্তন এনে আবার বাজারে ছাড়া হয় ১৯৭৭ সালের ১৫ ডিসেম্বর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১০০ টাকার নোটের ডিজাইন আবার পরিবর্তন করে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট বাজারে ছাড়া হয় ২০০১ সালের ১৫ মার্চ।
ওই ডিজাইন অক্ষুণ্ন রেখে শুধু বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে বিএনপি সরকারের আমলে ২০০২ সালের ৫ জুন আবার ছাপা হয়। পরে একই ডিজাইনের নোট তারা আরও দুই দফায় ছেপে বাজারে ছাড়ে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালের ৯ আগস্ট ডিজাইন পরিবর্তন করে বঙ্গবন্ধুর ছবি সংবলিত এই নোট আবার বাজারে ছাড়া হয়।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





