সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখীতে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসই এক্স বেড়েছে ৪৫ পয়েন্ট। তবে আজ দুই বাজারেই লেনদেন কমেছে।

বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫০৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি টাকার বা ৫ শতাংশ

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসই এক্স অবস্থান করছে ৫ হাজার ১৫৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টি কোম্পানির। আর দর কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এছাড়া আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। এরপরে রয়েছে- এমজেএলবিডি, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি, তিতাস গ্যাস, যমুনা অয়েল, বেক্সিমকো এবং সামিট পাওয়ার।

অপরদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১১৪   পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৯৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

ঢাকা, ২৭ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর