বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের আস্থাভাজন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের তথ্য স্বপ্রণোদিত হয়ে দুদকে দেবে বাংলাদেশ ব্যাংক।

রোববার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বেসিক ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন মজিদ ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরের সাথে সাক্ষাত করেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান দুর্নীতিপরায়ন কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকের করা অধিকতর তদন্ত প্রতিবেদন দিয়ে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, অনিয়মের দায়ে ব্যাংকটির যেসব শাখায় ঋণ কার্যক্রম বন্ধ আছে সেগুলোর বিষয়ে কিছুটা নমনীয় হবে বাংলাদেশ ব্যাংক। প্রাক্তন চেয়ারম্যান ও এমডির আস্থাভাজন দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের তথ্য স্বপ্রণোদিত হয়ে দুদকে দিবে বাংলাদেশ ব্যাংক।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকটির ব্যয় সংকোচন করতে বর্তমান চেয়ারম্যান ও এমডিকে পরামর্শ দেন গর্ভনর। এ ছাড়া খেলাপি বকেয়া ঋণ আদায়ে গঠিত টাস্কফোর্স জোরদার করা হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়েছে।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর