তৈরি পোশাক শিল্প এলাকায় আজ শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে। দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটির আগেই পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস প্রদানের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দেয়।

আগেই সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধের সুবিধার্থে সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ত না করে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে বিশেষ ব্যবস্থাধীনে পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো আগামী শনিবার খোলা থাকবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা বলা হয়েছে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার ব্যাংকগুলো খোলা রাখার কথা বলা হয়েছে।

এছাড়া গত সপ্তাহে অন্য এক প্রজ্ঞাপনপত্রে শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে খোলা রাখা শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন ব্যাংকের ভল্ট থেকে অর্থ চুরির ঘটনার পর ব্যাংকগুলোকে নিরাপত্তা জোরদারের জন্য তাগিদ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রধান দুটি ধর্মীয় উৎসব কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হওয়ায় এ বিষয়ে আরো সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকা, ৩ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর