ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার দেশে শান্তি-শৃংখলা বজায় রাখবে এবং উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে। এ প্রেক্ষাপটে এফবিসিসিআই পরিচালনা পর্ষদ দেশের সকল ব্যবসায়ীদের পক্ষে প্রধানমন্ত্রীকে এ সম্বর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।  
সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নিয়মিত বোর্ড সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বর্ধনা প্রদান এবং মতবিনিময় সভা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয় বলে সংঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এফবিসিসিআই বলেছে, আমরা দৃঢ়ভাবে আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শান্তিপূর্ন, সমৃদ্ধ, সুখী ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং সে সাথে গত মেয়াদে সরকার কর্তৃক গৃহীত উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এফবিসিসিআই আরও আশা করে যে, দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্য ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ডকে আরও গতিশীল ও বহুমুখী করার লক্ষ্যে সরকার সমন্বিত পদক্ষেপ গ্রহন করবে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]