ব্রিকসভুক্ত পাঁচটি দেশের নেতারা ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ নামে একটি ব্যাংক প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করেছেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশ নিয়ে ব্রিকস গঠিত। প্রায় দশ হাজার কোটি ডলার বিনিয়োগের এই ব্যাংক পরিচালনার নেতৃত্ব দেবে ভারত।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিলের ফোর্তালেজা শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে মঙ্গলবার এই ব্যাংক গঠনের ঘোষণা দেওয়া হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ এ-সংক্রান্ত ঘোষণা দেন।
এই নতুন ব্যাংকের নামটি প্রস্তাব করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণে থাকা আর্থিক ব্যবস্থা পরিবর্তনের পথে, ব্রিকসের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছেন মোদি।
ভারতীয় প্রধানমন্ত্রি মোদি বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে জরুরী ভিত্তিতে সংষ্কার দরকার। বিশ্বে একটি ভারসাম্য পূর্ণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্ববাণিজ্য সংস্থার বদলে নতুন ব্যবসায়িক অঞ্চল গড়ে তুলতে হবে”।
চুক্তি অনুযায়ী, প্রথম ছয় বছর ব্যাংকের পরিচালনার দায়িত্বে থাকবে ভারত। পরবর্তীতে পাঁচ বছর করে দায়িত্ব পাবে যথাক্রমে ব্রাজিল ও রাশিয়া । আর ব্যাংকের সদরদপ্তর হবে চীনের সাংহাইয়ে।
ভ্লাদিমির পুতিন বলেন, “বিশ্বের অন্যতম বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান হবে ব্রিকস ব্যাংক”।
ব্যাংকের শেয়ার নিয়ে অবশ্য চীনের সাথে যথেষ্ট দরকষাকষি হয় ব্রিকসের অন্য সদস্যদেশগুলোর। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, পাঁচ সদস্যের মধ্যে সমানভাগে ভাগ করা হবে ব্যাংকের পাঁচ হাজার কোটি ডলারের পূঁজি ।
পাশাপাশি দশ হাজার কোটি ডলারের একটি মুদ্রা সংরক্ষণ তহবিলও গঠন করা হবে। কাজ শুরু হলে শুধু অর্থনীতিতে নয়, বিশ্ব রাজনীতিতেও ব্রিকসের সদস্যদেশগুলোর প্রভাব বাড়বে বলে আশা করছেন নেতারা।
‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদর দপ্তর হবে চীনের সাংহাইয়ে। ব্যাংকটির প্রথম প্রেসিডেন্ট হবে ভারত। ব্যাংকটির প্রারম্ভিক মূলধন হবে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। ব্রিকসের এই ব্যাংকটিকে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো পশ্চিমা বহুজাতিক উন্নয়ন সংস্থার প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ব্রিকসভুক্ত দেশ পাঁচটি বিশ্বের এক-পঞ্চমাংশ জিডিপির অধিকারী।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





