দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তা নেটওয়ার্ক তৈরী করবে এসএমই ফাউন্ডেশন। সহযোগিতা করবে মার্কিন যুক্তরাস্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এশিয়া ফাউন্ডেশন।
পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও ব্যবসায়িক উদ্যোগ সৃষ্টির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ ও মধ্য এশিয়ার নারী উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত হবে এ নেটওয়ার্ক।
এ লক্ষ্য বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল এসএমই ফাউন্ডেশন পরিদর্শন করেন। এসময় এসএমই ফাউন্ডেশনের ঊধ্বর্তন কর্তৃপক্ষ দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশসমূহের নারী উদ্যোক্তাদের মধ্যে আঞ্চলিক নেটওয়ার্ক তৈরীতে ফাউন্ডেশন পাশে থাকবে বলে প্রতিনিধি দলকে আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে আফগানিস্থান, বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল ও শ্রীলংকার প্রায় ৩০জন নারী উদ্যোক্তা ছাড়াও ইউএস স্টেট ডিপার্টমেন্ট, এশিয়া ফাউন্ডেশন এর প্রতিনিধি এবং এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিগণ নারী উদ্যোক্তা উন্নয়নে নিজ নিজ দেশের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন। দেশসমূহের নারী উদ্যোক্তাদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরী করা গেলে এ অঞ্চলের নারী উদ্যোক্তাদের প্রসার আরও বেগবান হবে এবং এরই মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ত্বরান্বিত হবে বলে প্রতিনিধি দল আশা প্রকাশ করেন।
দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশসমূহের নারী উদ্যোক্তাদের মধ্যে এই কার্যকর সেতুবন্ধন রচনায় ইউএস স্টেট ডিপার্টমেন্ট, এশিয়া ফাউন্ডেশন এবং এসএমই ফাউন্ডেশনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রতিনিধি দল প্রত্যাশা করেন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ ইহসানুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য ও বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি এর সভাপতি লুনা শামসোদ্দোহা, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এসএম শাহীন আনোয়ার ও মোঃ মুজিবুর রহমান এবং ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা উইং এর প্রধান উপ-মহাব্যবস্থাপক ফারজানা খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]