পেট্রোবাংলা জানিয়েছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন কৈলাশটিলা-১ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কূপ থেকে আগামী দুই-তিন দিনের মধ্যে দৈনিক কমবেশি ৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। বন্ধ এ কূপটির ওয়ার্কওভার কাজ চলতি বছরের ১২ আগস্ট বাপেক্সের নিজস্ব রিগ বিজয়-১২ এর মাধ্যমে শুরু করা হয়।

প্রসঙ্গত, সিলেট গ্যাসক্ষেত্রের ১৪টি কূপের ওয়ার্কওভার চলমান রয়েছে। এরমধ্যে কৈলাশটিলার ১ নম্বর কূপসহ সাতটি কূপের ওয়ার্কওভার শেষ হয়েছে এবং সবগুলোতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে।

পেট্রোবাংলা জানায়, কৈলাশটিলার ১ নম্বর কূপ থেকে ১৯৬১ সালে প্রথম গ্যাস পাওয়া যায়। এর পর ২০১৯ সাল পর্যন্ত এ কূপ থেকে গ্যাস উত্তোলনের পর কূপটি বন্ধ হয়। পুরোনো কূপে আবার নতুন করে ওয়ার্কওভার করে আবারও গ্যাস মিলেছে এই কূপে।

বর্তমানে কৈলাশটিলার ২, ৬, ৭ ও ৮ নম্বর কূপ থেকে মোট ৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এমএম