ঝাঁজ নয়, বেড়েছে পেঁয়াজ রসুনের দাম। বাজারে দেশি-বিদেশি পেঁয়াজের দাম কেজিতে দু-তিন টাকা বেড়েছে। আবার কেজিপ্রতি ৪০-৫০ টাকা বাড়তি দামে রসুন কিনতে হচ্ছে। মৌসুম শেষের দিকে হওয়ায় শীতকালীন শাকসবজির দামও বাড়তে শুরু করেছে। এতে ভোগান্তি বেড়েছে সীমিত ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষের।

বাজারে এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা। অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজেও কেজিতে ১-২ টাকা বেড়ে ২৫-২৬ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ রসুনের দাম হঠাৎ করেই বেড়েছে। বড় কোয়ার রসুনের কেজি এখন ২০০-২১০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৪০-৫০ টাকা। ছোট কোয়ার দেশি রসুনের দাম কেজিপ্রতি ১৬০-১৭০ টাকার মধ্যেই আছে। জানা গেছে, মূলত চীন থেকে আমদানি করা রসুনের দাম বেড়েছে। চীন থেকে আমদানি করা প্রতি মণ রসুনের দাম এখন পড়ে ১৬০০-১৭০০ ডলার। তাই স্থানীয় পর্যায়ে এর দাম বেড়েছে। অন্যদিকে নতুন পেঁয়াজ এখনো বাজারে না আসায় এর দাম কিছুটা বেড়েছে।

শ্যামবাজারের পেঁয়াজ, রসুন ও আদা আমদানিকারক প্রতিষ্ঠান রাজীব বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী প্রদেশ পোদ্দার বলেন, এখনো দেশি রসুনের যে মজুত আছে, তা দিয়ে আরও দু-তিন মাস চলবে। তাই রসুনের দাম নিয়ন্ত্রণেই থাকবে। এ ছাড়া আগামী সপ্তাহ থেকে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে, এতে দাম কমবে।

এদিকে শাকসবজির দামও বাড়তে শুরু করেছে। শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়াই এর কারণ। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের শাকসবজিতে কেজিপ্রতি গড়ে ৫ টাকা দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি শিমের দাম এখন ৩৫-৪০ টাকা। এক কেজি টমেটোর দাম ২৫ থেকে ৩০ টাকা। ৩০ টাকার নিচে মাঝারি আকারের ফুলকপিও মিলছে না। বাঁধাকপির দাম ২০ থেকে ২৫ টাকার মধ্যে।

এ ছাড়া এক কেজি বেগুন ৩৫-৪০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, মুলা ২০-২৫ টাকা, মাঝারি আকারের লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৬০ টাকা।

এখনো বাড়তি দামেই ডাল বিক্রি হচ্ছে। কয়েক মাস ধরে নেপাল থেকে ডাল আমদানি না হওয়ায় এক কেজি দেশি ডাল ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।

তবে চালে সুখবর হলো, এক সপ্তাহের ব্যবধানে মিনিকেটে কেজিপ্রতি ১-২ টাকা কমেছে। নতুন চাল আসতে শুরু করায় মানভেদে মিনিকেটের দাম কেজিপ্রতি ৪৩ থেকে ৪৮ টাকা। ভালো মানের নাজিরশাইল এখন বিক্রি হচ্ছে আগের মতোই কেজিপ্রতি ৫০-৫২ টাকায়। মোটা চাল কিনতে খরচ হচ্ছে কেজিপ্রতি ৩২-৩৪ টাকা।

গরু ও খাসির মাংসের দাম ঠিক থাকলেও কেজিতে ৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিপ্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়। রুই, তেলাপিয়া, সরপুঁটি, পাঙাশসহ বিভিন্ন জাতের মাছের দাম স্থিতিশীল রয়েছে।

জেএইচ