দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বলেছেন, সংযমের মাস রমজান এলেই বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ওঠেন। তারা মরিয়া হয়ে উঠেন অতিরিক্ত মুনাফা লাভের আশায়।

তিনি বলেন, রোজাদারসহ দেশের মানুষকে কষ্ট দেয় মুনাফাখোর ব্যবসায়িরা। কিন্তু অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পণ্যের মূল্য কমিয়ে দেয়।আর ৯০ ভাগ মুসলমানের দেশে ঘটছে তার উল্টো।

বুধবার দুদক মিডিয়া সেন্টারে দুদক বিটের সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স এগেইনেস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দুদক কমিশনার (তদন্ত) মোঃ সাহাবুদ্দিন চুপ্পু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতিম কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদ ইলিয়াস খান।

এছাড়া উপস্থিত ছিলেন, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি বদিউজজামান, দুদক মহাপরিচালক, পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন র‌্যাকের সাধারণ সম্পাদক আলমগীর স্বপন।

মোঃ সাহাবুদ্দিন চুপ্পু বলেন, পবিত্র রমজান মাসে দুর্নীতিবাজদের ধরার জন্য দুদক সারাদেশে জাল পেতে রেখেছে। ঘুষ গ্রহণকালে আমরা হাতেনাতে গ্রেফতার করেছি। মামলা দায়ের, চার্জশিট প্রদান করা হচ্ছে। তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চলছে। কারণ, দুর্নীতিবাজরা সংযমের মাস রমজানকেও তোয়াক্কা করে না।

তিনি আজকের ইফতার মাফফিল সাংবাদিক এবং দুদকের মধ্যকার সেতু বন্ধনের প্রমাণ বহন করে। আশা করি এ বন্ধন ক্রমেই আরও দৃঢ় হবে।

কবি আব্দুল হাই শিকদার বলেন, দেশ থেকে নীতিকে দূর করা হয়েছে। দূরে চলে যাওয়া নীতিকে ফিরিয়ে আনতে সাংবাদিক এবং দুদক বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।

ঢাকা, একে, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম), এআর