ক্ষুদ্র এ মাঝারি শিল্প (এসএমই) খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ চালু করা হচ্ছে এসএমই ব্যাংকিং অ্যাওয়ার্ড। বাংলাদেশ ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হবে।

আগামী ১২ ও ১৩ নভেম্বর প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হবে। প্রতিষ্ঠান দুটির উদ্যোগে একই সময়ে রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দু’দিন ব্যাপী ‘এসএমই ফাইন্যান্সিং ফেয়ার-২০১৪’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১২ নভেম্বর ২০১৪ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের এসএমই খাতের অর্থায়ন বিষয়ে ক্ষুদ্র খাত, নারী উদ্যোক্তা খাত, শিল্প খাত, পল্লী অঞ্চলে ঋণ প্রদানের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এসএমই কর্মকান্ডের উপর মোট ১০টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ফাইন্যান্সিং প্রোডাক্টস্ এবং নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ফেয়ার হবে ১২-১৩ নভেম্বর দুই দিনব্যাপী চলবে। তাছাড়া, এসএমই খাতের অর্থায়নের বর্তমান অবস্থা বিষয়ক গোল টেবিল বৈঠক এবং ক্রেডিট গ্যারান্টি স্কীমের উপর সেমিনার অনুষ্ঠিত হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ বিষয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসএমই খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে ব্যাংকাররা সব সময় বাংলাদেশ ব্যাংকের আহবানে সাড়া দেন। তাছাড়া এসএমই খাতকে আরো এগিয়ে নিতে এ পুরস্কার চালু করা হচ্ছে বলে জানান এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারি।

ঢাকা, ১২ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর