রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজ উদ্দীন আহমেদ চৌধুরী (এসএ চৌধুরী)। এর আগে গত ৮ সেপ্টেম্বর চেয়ারম্যান হিসেবে অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের মেয়াদ শেষ হয়।

পদটি খালি হওয়ার ৮ দিন পর বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ৫ বছরের জন্য এসএ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি (সংশোধিত) আইন, ২০১৩ এর বিধান মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।

তার আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার নির্দেশ দিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এসএ চৌধুরী বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান, কর্মাস ও সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বেসরকারি বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ