ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৯ দিন বন্ধের পর রোববার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। তবে বন্ধের আগে ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শেষ হলেও বন্ধের পর প্রথম দিনে দর পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৭০ লাখ ৯৮ হাজার টাকা।
রোববার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এদিন এ কোম্পানির ১ কোটি ৬০ লাখ ৭ হাজার ২০০টি শেয়ার ৫২ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে।
২৪ জুলাই ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪২৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৩৩৯ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আর রোজা শুরু হওয়ার আগের দিন অর্থাৎ ২৯ জুন লেনদেন হয় ৩৯০ কোটি ১২ লাখ ৩১ হাজার টাকা। সে হিসেবে রোববার লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৯২ লাখ টাকা।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





