বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণে বাংলাদেশে এখনো অনেক বাধা রয়েছে। এর মধ্যে অন্যতম বাধা হচ্ছে অর্থায়ন।
রোববার এসএমই খাতে নতুন উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন।
আতিউর রহমান বলেন, দেশে নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর ক্ষেত্রে অর্থায়ন সহজলভ্য করার লক্ষ্যে ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে স্বল্প মূলধনী, শ্রমঘন, রপ্তানিমুখী ও আমদানি বিকল্প উদ্যোগে অর্থায়নের জন্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ১০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে।
বাংলাদেশ ব্যাংক ডিসিসিআই’র সঙ্গে এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করেছে বলেও জানান তিনি।
গভর্নর জানান, এ তহবিল থেকে অর্থ ছাড় করার লক্ষ্যে আজ ৩২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে অংশ্রগহণমুলক চুক্তি স্বাক্ষর সম্পাদনের জন্যে আমরা এখানে সমবেত হয়েছি।
নতুন উদ্যোক্তাদের অর্থায়নে চালুকৃত এ তহবিলের সুবিধা গ্রহণে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান তিনি।
আতিউর বলেন, উদ্যোক্তাদের সহজ শর্তে এবং শুধুমাত্র ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রাথমিক অর্থায়ন সুবিধা প্রদানে এ তহবিল ব্যবহৃত হবে। এর সুদহারও কম। সর্বোচ্চ ১০ শতাংশ।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





