প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পদ্মা সেতুর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৮ হাজার ১০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত অর্থবছরে (২০১৩-১৪) এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল ৬ হাজার ৮৫২ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫ হাজার ২৫২ কোটি এবং ভারতীয় অনুদান থেকে এক হাজার ৬শ কোটি টাকা ব্যয় করার কথা ছিল।
অন্যদিকে ২০১২-১৩ অর্থবছরে এ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছিল ৮০৪ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ছিল ৫৭২ কোটি টাকা এবং সরকারী তহবিল থেকে ২৩২ কোটি টাকা।
প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর কিছু পদক্ষেপসহ ব্যাপকভিত্তিক মূল্যসংযোজন কর বা ভ্যাট আরোপের প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এর আগে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। এতে  সভাপতিত্ব করছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হয়।  
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]